হবিগঞ্জে হামলার প্রতিবাদে সোনারগাঁয়ে এনসিপির বিক্ষোভ
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় নেতাদের ওপর হামলার প্রতিবাদে সোনারগাঁয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সমাবেশ থেকে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ৩০ ও ৩১ জুলাই সিলেটে এনসিপির নির্ধারিত জুলাই পদযাত্রায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
আজ বুধবার সন্ধ্যায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে দাবি করা হয়, হবিগঞ্জের ছাত্রদল ও যুবদল ন্যক্কারজনক এ হামলা চালিয়েছে।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুবশক্তির সহসভাপতি তুহিন মাহমুদ। তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এটি নিশ্চিত করার দায়িত্ব সরকারের।
সমাবেশে জেলা যুবশক্তির সাবেক আহবায়ক ও পিরোজপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী শাকিল সাইফুল্লাহ অভিযোগ করেন, সত্য কথা বলার কারণেই দলের নেতাদের ওপর হামলা হয়েছে। তিনি আরোো বলেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে যে সরকার গঠন করা হয়েছে আমরা ভেবেছিলাম তারা হয়তো মানুষের সাংবিধানিক অধিকার রক্ষা করবে। কিন্তু না। সভাসমাবেশে হামলা করে তারা সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ করেছে।
সমাবেশ শেষে নেতা–কর্মীরা হবিগঞ্জের হামলার ঘটনার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।


আপনার মতামত জানান