হাফেজ বানাতে মাদরাসায়, নির্যাতনে লাশ হয়ে বাবা মার বুকে ফিরে এলো আদিব

প্রকাশিত

 

 

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসার ছাত্রাবাসে নির্যাতনের শিকার হয়ে অসুস্থ ৯ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর এলাকায় মারা যায় এই শিশুটি।

মারা যাওয়া আরাফাত হোসেন আদিব ওই এলাকার শাহাব উদ্দিনের ছেলে। সে লোহারপুল দারুস সালাম মডেল মাদ্রাসার হিফজ বিভাগের নবম পারার শিক্ষার্থী ছিল। স্বজনেরা অভিযোগ করেছেন, আদিবকে মাদ্রাসার ছাত্রাবাসে আটকে রেখে দুই বছর ধরে নির্যাতন করা হয়েছে।

আদিবকে নির্যাতনের বর্ণনা দিয়ে তার মা আয়েশা আক্তারের একটি ভিডিও বক্তব্য সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। আয়েশা আক্তারের অভিযোগ, মাদ্রাসাটির পরিচালক দেলোয়ার হোসেন ও শিক্ষক শাব্বির আহমেদ গত দুই বছর ধরে ছাত্রাবাসে রেখে তাঁর ছেলেকে নির্যাতন করে আসছিলেন। গত ১৫ অক্টোবর দুই শিক্ষক আবারও আদিবকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে তাকে মেঝেতে আছড়ে ফেলা হয়।

টানা নির্যাতনের কারণে আদিবের যকৃতে সমস্যা দেখা দেয় উল্লেখ করে আয়েশা আক্তার বলেন, ছেলের শরীরের এক পাশ অবশ হয়ে গিয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় তাকে বসুরহাটের ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে মাইজদী হয়ে ঢাকার শিশু হাসপাতালে ভর্তি করেন। সেখানে কিছুদিন চিকিৎসার পর আদিবকে বাড়িতে নিয়ে আসেন।

আজ আদিবের মৃত্যুর ঘটনায় দুই শিক্ষকের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন তার চাচাতো ভাই মো. রাফি। তিনি বলেন, ‘আমার চাচাতো ভাই দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ সকাল ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।’

বক্তব্যের জন্য মাদ্রাসাটির পরিচালক দেলোয়ার হোসেন ও শিক্ষক শাব্বির আহমেদের মোবাইল ফোন নম্বরে দফায় দফায় কল দিয়েও সংযোগ পাওয়া যায়নি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, আজ বিকেলে তিনি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সুরতহাল করে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে ছেলেটির চাচাতো ভাই মো. রাফি বাদী হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।

আপনার মতামত জানান