ইসরাইলি পণ্যের বিজ্ঞাপন নির্মাণ, ৪ দিন বন্ধ সোনারগাঁয়ের যাদুঘর

প্রকাশিত

ইসরাইলি পণ্য কােকাকোলা কোম্পানির বিজ্ঞাপন নির্মাণ করতে শুটিংস্পট হিসেবে ৪দিনের জন্য বরাদ্দ দিয়েছে কর্তৃপক্ষ। তাই কোন প্রকার নোটিশ ছাড়াই নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁয়ের পর্যটন কেন্দ্র বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের বড় সরদার বাড়ি ৪ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে । বিনা নোটিশে বন্ধ থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা চরম ভোগান্তি পোহাচ্ছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, পর্যটকরা বড় সরদার বাড়িতে প্রবেশ না করতে পেরে ক্ষোভ প্রকাশ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আসা পর্যটক আবু নাছের বলেন, সোনারগাঁয়ের ইতিহাস ঐতিহ্য দেখতে আসার আগে যাদুঘরের ওয়েভ সাইট লগইন করে কোন নোটিশ দেখিনি, এসে দেখি ভিতরে সরদার বাড়ি বন্ধ । একটা কম্পানীর জন্য সারা দেশ থেকে আসা পর্যটকদের বঞ্চিত করা কোনভাবেই কাম্য নয়। তিনি আরো বলেন, হয়তো কর্তৃপক্ষ টাকার কাছে বিক্রি হয়ে ঐতিহ্যের বুকে হাতুড়ি পেটা করছে।

নরসিংদী থেকে আসা পর্যটক মোহাইমিনুল জানান, গতকাল (৩০ জুন ) মঙ্গলবার সকালে গিয়ে দেখা যায় লোক ও কারুশিল্প ফাউন্ডেশন যাদুঘরের নিদর্শন সরদার বাড়ি বিনা নোটিশে ৪ দিনের জন্য দশনার্থীদের জন্য প্রবেশ বন্ধ রেখে কােকাকোলার গানের শুটিং চলছে। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দশনার্থীরা সরদার বাড়ির ভিতরে প্রবেশ করতে না পেরে চরম ভোগান্তি ও হতাশা গ্রস্ত হয়ে বাড়ি ফিরছেন । লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তাদের অব্যবস্থাপনার কারণে ভোগান্তি পোহাতে হয়েছে এমনটাই দাবি করেন তিনি ।

তবে গণমাধ্যম কর্মীরা তথ্য সংগ্রহ করতে চাইলে তাদেরকে প্রবেশ করতে নিষেধ করেন কর্তৃপক্ষ।।

জানা যায়, শুটিংয়ের হেভি ইকুভমেন্ট ভিতরে প্রবেশের কারণে সরদার বাড়ির বিল্ডিংয়ের কিছু নকশা ও ডিজাইন ভেঙে গেছে ।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহাবুব আলমের সাথে এ বিষয়ে জানতে চাইলে তিনি অসুস্থ জানিয়ে উপ পরিচালকের সাথে যোগাযোগ করতে বলেন।

এ বিষয়ে লােক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ পরিচালক শাখাওয়াত ও গাইড লেকচারার মোঃ
আশরাফুল আলম নয়নের সাথে যোগাযোগ করা হলে তারা জানান , ৪ দিনের জন্য যাদুঘরের সরদার বাড়ি কােকাকোলা কোম্পানি কাছে ৬ লক্ষ টাকায় ভাড়া দিয়েছেন পরিচালক। আমরা অনলাইন অফলাইন সরদার বাড়ির টিকিট কাটা বন্ধ রেখেছি। এ সময় সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদনের কোনো কাগজপত্র দেখাতে পারেননি কর্তৃপক্ষ।

সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েস বলেন— বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, সোনারগাঁ দেশের একমাত্র জাতীয় লোকজ জাদুঘর। বাংলাদেশের লোকজ সংস্কৃতি, ঐতিহ্য, কারুশিল্প এবং কারুশিল্পীদের সংরক্ষণ, বিকাশ ও পরিচিতির উদ্দেশ্যে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। এমন একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের অভ্যন্তরে বহুজাতিক একটি কোমল পানীয় কোম্পানির বিজ্ঞাপন প্রদর্শন অত্যন্ত দুঃখজনক এবং এর সাংস্কৃতিক চরিত্রের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। লোকজ ঐতিহ্যের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে এই জাদুঘরে বাণিজ্যিক বিজ্ঞাপনের পরিবর্তে দেশের ইতিহাস, সংস্কৃতি ও লোকশিল্পের মর্যাদাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

আপনার মতামত জানান