বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামতের অভিযোগ, কাজ স্থগিতের দাবি

প্রকাশিত

 

সোনারগাঁ প্রতিনিধি :
সোনারগাঁয়ের ঐতিহাসিক বড় সরদার বাড়ির কাঠামোগত ও সংরক্ষণগত মূল্যায়ন ছাড়াই দেয়ালের ক্ষতচিহ্ন মেরামত শুরু করার অভিযোগ তুলেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। সংগঠনটির অভিযোগ, স্বাধীন বিশেষজ্ঞ দল দিয়ে মূল্যায়নের প্রতিশ্রুতি দিয়েও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক তা অনুসরণ করেননি। অবিলম্বে মেরামত স্থগিত করে পূর্ণাঙ্গ মূল্যায়ন এবং বিশেষজ্ঞদের সুপারিশ অনুসারে সংরক্ষণের কাজ শুরুর দাবি জানিয়েছে কমিটি।

আজ (১ অক্টোবর) কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৯ সেপ্টেম্বর থেকে বড় সরদার বাড়ির দেয়ালের ক্ষতচিহ্ন মেরামতের কাজ শুরু হয়েছে। ঐতিহাসিক স্থাপনাটির পুরোনো গাঁথুনি, কাঠের সংযোগস্থল ও ভারবহনকারী অংশের অবস্থা পরীক্ষা না করেই সাধারণ ভবনের মতো মেরামত করা হচ্ছে বলে অভিযোগ সংগঠনটির। বড় সরদার বাড়িতে কোক স্টুডিও বাংলা সিজন ৪-এর শুটিংয়ের পর দেয়াল, অলংকরণ ও নকশার বিভিন্ন অংশে ক্ষতির অভিযোগ ওঠে। চার দিনের শুটিংয়ে উচ্চ ক্ষমতার জেনারেটর, ভারী ক্যামেরা, আলোকসজ্জা ও সাউন্ড সিস্টেমসহ বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করা হয়েছিল। এসব সরঞ্জামের কম্পন ও চাপ স্থাপনাটির ভেতরে কতটা প্রভাব ফেলেছে, তা নির্ধারণে কারিগরি পরীক্ষার দাবি জানিয়ে আসছে কমিটি।

সংগঠনটির আহ্বায়ক কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহেদ কায়েস বলেন, “বড় সরদার বাড়ির মেরামতের আগে স্বাধীন বিশেষজ্ঞ দলের মাধ্যমে কাঠামোগত ও সংরক্ষণগত মূল্যায়নের দাবি জানিয়েছিলাম। পরিচালক প্রতিশ্রুতি দিলেও মূল্যায়ন ছাড়াই গতকাল থেকে দেয়াল মেরামত শুরু হয়েছে। প্রতিশ্রুতি উপেক্ষার এমন ঘটনা দুঃখজনক। ক্ষতচিহ্ন ঢাকলেই স্থাপনা নিরাপদ হবে না। গাঁথুনির ফাটল, কম্পনের প্রভাব, কাঠের সংযোগস্থলের দুর্বলতা ও ভারবহনকারী অংশের ক্ষতি আড়ালে থাকতে পারে। পরীক্ষা ছাড়া মেরামতে ক্ষতির আলামত চাপা পড়ে তদন্ত ও সংরক্ষণ কঠিন হতে পারে। অবিলম্বে মেরামত স্থগিত করে স্বাধীন বিশেষজ্ঞ দল দিয়ে পূর্ণাঙ্গ মূল্যায়ন করতে হবে। বিশেষজ্ঞদের সুপারিশ অনুসারে সংরক্ষণের কাজ শুরুর জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।”

কমিটির দাবি, প্রত্নস্থাপনা সংরক্ষণে অভিজ্ঞ স্থপতি, কাঠামো প্রকৌশলী, প্রত্নতত্ত্ববিদ ও সংরক্ষণ বিশেষজ্ঞদের সমন্বয়ে স্বাধীন দল গঠন করতে হবে। দলটি দেয়াল ও ছাদের গাঁথুনি, ফাটল, কাঠের সংযোগস্থল, আর্দ্রতা এবং ভারবহনকারী অংশ পরীক্ষা করবে। শুটিংয়ের আগে ও পরের অবস্থার তুলনামূলক মূল্যায়ন করে প্রতিবেদন জনসমক্ষে প্রকাশেরও দাবি জানিয়েছে সংগঠনটি।

বড় সরদার বাড়ির ক্ষয়ক্ষতি, বাণিজ্যিক ভাড়া এবং ফাউন্ডেশনের বিরুদ্ধে ওঠা আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবিতে গত ২৯ আগস্ট নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে কমিটি। একই দাবিতে ৩১ আগস্ট সোনারগাঁও জাদুঘরের মূল গেটের সামনে মানববন্ধন করা হয়। পরে ১৫ সেপ্টেম্বর প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রী, সংস্কৃতিমন্ত্রী, ইউনেস্কো এবং প্রতিষ্ঠানটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সদস্যদের কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।

আপনার মতামত জানান