মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর

প্রকাশিত

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ও আর্থিক খাত বিশেষজ্ঞ মো. মোস্তাকুর রহমান মঈন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২’-এর ১০(৫) বিধি অনুযায়ী মো. মোস্তাকুর রহমানকে অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁর যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হলো।

আজ বুধবার সকাল থেকেই বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তারা বিদায়ী গভর্নর ড. আহসান এইচ মনসুরের পদত্যাগ দাবি করে বিক্ষোভ করলে দুপুরের দিকে তিনি অফিস ত্যাগ করেন। এরপর থেকেই নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানের নাম শোনা গেলেও ‘কোন মোস্তাকুর রহমান’ তা নিয়ে সাময়িক বিভ্রান্তি তৈরি হয়। বিকেল সাড়ে তিনটায় প্রজ্ঞাপন জারির মাধ্যমে সেই বিভ্রান্তির অবসান ঘটে।

 

নতুন এই গভর্নরের জন্মস্থান নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা গ্রামে। গ্রামের কৃতি সন্তান দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠানের প্রধান হওয়ায় স্থানীয় বাসিন্দারা মিষ্টি বিতরণ ও উল্লাস প্রকাশ করেছেন। এলাকায় তিনি মোস্তাকুর রহমান মঈন নামেই পরিচিত।

মো. মোস্তাকুর রহমান বর্তমানে হেরা সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন। করপোরেট অর্থায়ন, শিল্প ব্যবস্থাপনা এবং প্রাতিষ্ঠানিক সুশাসনে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

তিনি ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বোর্ড সদস্য ছিলেন। আইসিএমএবি-র (ICMAB) একজন ফেলো মেম্বার। এছাড়া ডিসিসিআই, রিহ্যাব এবং আটাব-এর মতো গুরুত্বপূর্ণ সংগঠনের সাথে তিনি যুক্ত। ১৯৬৬ সালে জন্মগ্রহণ করা মোস্তাকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে বি.কম (অনার্স) ও মাস্টার্স সম্পন্ন করেন। ১৯৯২ সালে তিনি আইসিএমএবি থেকে পেশাদার ডিগ্রি (সিএমএ) অর্জন করেন।

দেশের এই ক্রান্তিকালে আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মতো চ্যালেঞ্জ মোকাবিলাই হবে নতুন গভর্নরের প্রধান কাজ।

আপনার মতামত জানান