সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার ভাইকে ছেড়ে ডাব বিক্রেতাকে আটক
নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতির ছোট ভাইকে আটকের পর ছেড়ে দিয়ে তার পরিবর্তে এক ডাব বিক্রেতাকে আটক করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সোনারগাঁ থানা পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার পিরোজপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) সারোয়ার হোসেনের নেতৃত্বে মেঘনা শিল্পনগরী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শামসুজ্জামান সামসুর ছোট ভাই আমিনকে আটক করে পুলিশ। পরে তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা।
অভিযোগ রয়েছে, আমিনকে ছেড়ে দেওয়ার পর তার পরিবর্তে অন্য একজনকে পুলিশের হাতে তুলে দিতে বলা হয়। পরে আমিন ও তার সহযোগীদের মাধ্যমে মোগরাপাড়া চৌরাস্তা লিজা পাম্পে ডাব বিক্রেতা মনির হোসেনকে আটক করে পুলিশ নিয়ে যায়। মনির হোসেন দীর্ঘদিন যাবৎ ডাব বিক্রি করে আসছেন তিনি কোন রাজনীতির সাথে জড়িত নন বলে জানান স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, মোটা অঙ্কের টাকার বিনিময়ে আমিনকে ছেড়ে দিয়ে নিরীহ ডাব বিক্রেতা মনির হোসেনকে আটক করা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে মনিরকে আওয়ামী লীগের সমর্থক বলে দাবি করা হয়েছে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, একজন ডাব বিক্রেতা দিনভর ডাব বিক্রি করে পরিবারের সংসার চালান। তাকে রাজনৈতিক পরিচয়ের অভিযোগে আটক করা হলে বিষয়টি তদন্ত করে দেখা প্রয়োজন। একই ঘটনায় একজন রাজনৈতিক নেতার স্বজনকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ থাকায় সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।
মোগরাপাড়া চৌরাস্তা এলাকার ব্যবসায়ীরা জানান, একজন নিরিহ ব্যবসায়ীকে এভাবে হয়রানি করা অমানবিক। সংসারের একমাত্র উপার্জনক্ষম ক্ষুদ্র ব্যবসায়ীর নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন তারা। তারা আরো বলেন, পুলিশ যদি টাকার লোভে উদুর পিণ্ডি বুদুর গাড়ে চাপান তাহলে সাধারন মানুষের নিরাপত্তা কোথায়?
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক জানান, মনির হোসেনকে তারা ব্যক্তিগতভাবে চেনেন না। তাকে কেন আটক বা গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এছাড়া টাকার বিনিময়ে আমিনকে ছেড়ে দেওয়ার অভিযোগের বিষয়েও তারা অবগত নন বলে জানান।


আপনার মতামত জানান