সোনারগাঁয়ে শপিংমলে অগ্নিকাণ্ড, মালিক বলছে দুর্ঘটনা, ব্যবসায়ীদের দাবী পরিকল্পিত।

প্রকাশিত

 

সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত আল মদিনা শপিংমলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে শপিংমলের নিচতলার ফায়ার ইকুইপমেন্ট রুমে আগুন লাগে। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে হঠাৎ করে শপিংমলের একটি অংশ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা জাহিদ চৌধুরী জানান, মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত আল মদিনা শপিংমলে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

তবে ক্ষতিগ্রস্ত কয়েকজন দোকান মালিকদের অভিযোগ, মার্কেট থেকে দোকানদারদের উচ্ছেদের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়ে থাকতে পারে। তাদের দাবি, সম্প্রতি দোকান ছেড়ে দেওয়ার বিষয়ে মালিকপক্ষের সঙ্গে ব্যবসায়ীদের মতবিরোধ চলছিল। তাদের দাবী, এ কারনে ইলেকট্রিক ইকুইপমেন্ট রুমে আগুন দেওয়া হয় যেন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে এবং ব্যবসায়ীরা বিদ্যুৎ না পেয়ে দোকান ছাড়তে বাধ্য হয়।

ব্যবসায়ী গোলজার হোসেন প্রধান জানান, আগুন একচি পরিকল্পিত নকটক। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

মার্কেট মালিক মাজহারুল ইসলাম নবী অভিযোগ অস্বীকার করে বলেন, এটি সম্পূর্ণ দুর্ঘটনাজনিত ঘটনা। ফায়ার সার্ভিসের বরাত দিয়ে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনার পর স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

 

আপনার মতামত জানান