সোনারগাঁয়ে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল

প্রকাশিত
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের গুহাটা এলাকায় মাদক নির্মূলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৯ জুন) বিকেলে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক যুবক, কিশোর এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং যুবসমাজকে মাদকের করালগ্রাস থেকে রক্ষার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন গুহাটা গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও নূরে জামে মসজিদের ক্যাশিয়ার মুকুল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা আরিফ হোসেন বাবু, বিশিষ্ট সমাজসেবক ও সৌদি প্রবাসী ইউনুস মোল্লা, সমাজসেবক শহিদুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ সময় বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছি। কিন্তু কিছু অসাধু ব্যক্তির কারণে পুরোপুরি সফল হতে পারিনি। তবে সম্প্রতি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মাদকবিরোধী আন্দোলন শুরু করার পর এলাকায় মাদকের বিস্তার অনেকটাই কমেছে। আমরা বিশ্বাস করি, গ্রামবাসীর সম্মিলিত প্রচেষ্টায় অবশিষ্ট মাদক কার্যক্রমও নির্মূল করা সম্ভব হবে, ইনশাআল্লাহ।”

বক্তারা আরো বলেন, মাদকের কারণে এলাকায় চুরি, ছিনতাই, কিশোর অপরাধ এবং সামাজিক অস্থিরতা বাড়ছে। ফলে পরিবার ও সমাজ উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং গণপ্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

মাদকবিরোধী এ কর্মসূচি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয় সচেতন মহল গুহাটা গ্রামের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত জানান