সোনারগাঁয়ে বালু উত্তোলন, ছাত্রদল নেতার ক্ষোভ

প্রকাশিত

 

বিশেষ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীর আনন্দ বাজার এলাকা থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় উপজেলা প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সোনারগাঁ পৌরসভা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফরহাদ শিকদার।

শুক্রবার (১৫ মে) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দাবি করেন, গত প্রায় ১৫ দিন ধরে বালু কাটাকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ ও আলোচনা চলছে। এ সময় তিনি সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

ফরহাদ শিকদার তার পোস্টে উল্লেখ করেন, তার জানা তথ্য অনুযায়ী এটি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নদী খনন প্রকল্প হতে পারে। সরকারি টেন্ডারের মাধ্যমে দিনের বেলায় দৃশ্যমানভাবে কাজ হওয়ার কথা থাকলেও অভিযোগ উঠেছে, রাতে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে।

তিনি আরও লেখেন, “ইউএনও মহোদয় আপনার দায়িত্ব কী, ওসি সোনারগাঁর দায়িত্ব কী—জনগণকে একটু পরিষ্কার করে বুঝিয়ে দিন। তাহলে আর কেউ আপনাদের ডিস্টার্ব করবে না।”

একই পোস্টে তিনি প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, “অযথা পাবলিককে ভূগোল বুঝিয়ে সরকারকে বিপদে ফেলার চেষ্টা করবেন না। আমাদের অনেক স্বপ্ন তারেক রহমানকে নিয়ে।”

এ বিষয়ে উপজেলা প্রশাসন বা সোনারগাঁ থানা পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বালু উত্তোলনের বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে নানা আলোচনা চলছে।

আপনার মতামত জানান