সোনারগাঁয়ে ‘নগদ’ থেকে নগদ টাকা ডাকাতি

প্রকাশিত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নগদের একটি ডিস্ট্রিবিউটর কার্যালয় থেকে সাবেক কর্মচারী রবিউল আউয়াল পিন্টুর নামের নেতৃত্বে আগ্নেয়াস্ত্রের মুখে কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে নগদ ৭ লাখ টাকা ও মোবাইল ফোন লুট করেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা বলে দাবি করেছেন নগদের পরিবেশক।
শনিবার (২ মে) সকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত জালাল টাওয়ারে নগদের ডিস্ট্রিবিউটর কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী ডিস্ট্রিবিউটর আল আমিন জানান, সকাল ৯টার দিকে উপজেলার পশ্চিম সনমান্দী এলাকার শহীদুল্লার ছেলে রবিউল আউয়াল পিন্টুর নেতৃত্বে আট থেকে ১০ জনের একটি সশস্ত্র দল সর্টগান, পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে অফিসে প্রবেশ করে। তারা সেখানে উপস্থিত কর্মকর্তাদের পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয় এবং মারধর করে আহত করে। এ সময়, দুর্বৃত্তরা ড্রয়ারে থাকা নগদ সাত লাখ টাকা, পাঁচটি দামি মোবাইল ফোন এবং সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্কসহ প্রায় এক কোটি টাকার মালামাল লুটে নেয়।
দিনদুপুরে, প্রকাশ্যে এমন ডাকাতির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ব্যবসায়ীরা নিরাপত্তা জোরদার ও দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনার পর পরই সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ডিস্ট্রিবিউটর আল আমিন বাদি হয়ে রবিউল আউয়াল পিন্টুর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও আট থেকে ১০ জনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অনুসন্ধানে জানা যায়, রবিউল আউয়াল পিন্টু “শহীদ জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক। সে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ছবি দিয়ে বিভিন্ন সময় ফেস্টুন, ব্যানার করতে দেখা যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মুহিববুল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে।

আপনার মতামত জানান