দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
পিরোজপুরের নেছারাবাদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘স্কুল ফিডিং’ কর্মসূচির দুধ চুরির অভিযোগে মো. নাদিম মাহমুদ নামের এক ছাত্রদল নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গতকাল বৃহস্পতিবার পিরোজপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালিদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নাদিম মাহমুদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৫ সেপ্টেম্বর দক্ষিণ বিন্না কাইলান্তরি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে স্কুল ফিডিং কর্মসূচির শিশুদের জন্য বরাদ্দ করা দুধ চুরির অভিযোগ ওঠে। পরে ৩০ সেপ্টেম্বর বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে আলোচনা–সমালোচনা হয়।
পরে নাদিম মাহমুদ তাঁর দুজন বন্ধুকে সঙ্গে নিয়ে চুরি হওয়া ৩০ প্যাকেট দুধের ২৭ প্যাকেট ৩০ সেপ্টেম্বর ফেরত দেন এবং দুধ সরিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনাটি জেলা ছাত্রদলের নেতাদের নজরে এলে তাঁরা বিষয়টি খতিয়ে দেখেন। পরে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে নাদিম মাহমুদকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার বলেন, ‘স্থানীয় জ্যেষ্ঠ নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে তাঁর (নাদিম) বিরুদ্ধে বেশ কিছু প্রমাণ পাওয়া গেছে। এ কারণে সাংগঠনিকভাবে তাঁর বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’


আপনার মতামত জানান