সোনারগাঁয় দুই হাসপাতালকে জরিমানা, ওটি সিলগালা
সোনারগাঁ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নানা অনিয়মের অভিযোগে দুটি বেসরকারি হাসপাতালকে দুই লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। লাইসেন্স নবায়ন না করে হাসপাতাল পরিচালনা এবং মেডিকেল বর্জ্য অব্যবস্থাপনার অভিযোগে শনিবার (১ আগস্ট) উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত রয়েল স্পেশালিস্ট হাসপাতাল ও মেডি কেয়ার জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করেন কাঁচপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম।
ফাইরুজ তাসনীন বলেন, হাসপাতাল পরিচালনার লাইসেন্সের মেয়াদ শেষ হলেও নবায়ন করা হয়নি। মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনাতেও প্রয়োজনীয় ব্যবস্থা ছিল না। প্যাথলজি ল্যাবেও অব্যবস্থাপনা থাকায় এসব অনিয়মের দায়ে মেডিকেল প্র্যাকটিসজ বেসরকারি ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রন) অধ্যাদেশ ১৯৮২ এর ৯ এর ক, খ, ঘ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী রয়েল স্পেশালিস্ট হাসপাতালকে দেড় লাখ টাকা ও মেডি কেয়ার জেনারেল হাসপাতালকে এক লাখ ২০ হাজার টাকা করে মোট ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়। এ সময় মেডি কেয়ার জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মোস্তাফিজুর রহমান দিগন্তসহ পুলিশ সদস্যরা।


আপনার মতামত জানান