সোনারগাঁয়ে ৪টি চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি চুনা কারখানা গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে কারখানাগুলোর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
রবিবার (৫ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত অভিযানে পিরোজপুর ইউনিয়নের মোজাফফর ফাউন্ডেশন এতিমখানার পাশে ১টি, ঝাউচর বালুর মাঠ সংলগ্ন ১টি, মেঘনা আইডিয়াল কিন্ডারগার্টেন সংলগ্ন ১টি এবং ঝাউচর মসজিদ সংলগ্ন ১টি চুনা কারখানা এক্সকাভেটর মেশিনের সাহায্যে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (সচিব) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান এবং তিতাস গ্যাসের সোনারগাঁ জোনের ম্যানেজার (প্রকৌশলী) শবিউল আওয়াল।
অভিযান শেষে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। যেখানেই অবৈধ গ্যাস সংযোগের সন্ধান পাওয়া যাবে, সেখানেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।


আপনার মতামত জানান