ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে চালক নিহত
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পল্লী বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে উল্টে যায়। এতে কাভার্ড ভ্যানচালক বাবলু (৫০) নিহত এবং তার সহকারী (হেল্পার) গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৬ জুন) সকাল ৮টায় উপজেলার নয়াগাঁও এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবলু টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার মৃত সানোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকামুখী লেনে একটি কাভার্ড ভ্যান চলন্ত অবস্থায় হঠাৎ বিকট শব্দে চাকা ফেটে যায়।
এতে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশে থাকা পল্লী বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। সংঘর্ষের পর কাভার্ড ভ্যানটি উল্টে যায় এবং দুটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। দুর্ঘটনায় কাভার্ড ভ্যানচালক বাবলু ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা হেল্পার গুরুতর আহত হন।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আহত হেল্পারের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি ঘটনাস্থলে রাখা হয়েছে।


আপনার মতামত জানান