সোনারগাঁয়ে ২৮ মামলার আসামি রক্সি গ্রেফতার

প্রকাশিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২৮ মামলার আসামি মাহবুবুর রহমান ওরফে রক্সিকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব-১১। সে এলাকায় কাইল্লা রক্সি হিসেবে পরিচিত

শনিবার (১১ এপ্রিল) দুপুরে র‌্যাব-১১ এর লেফটেন্যান্ট কমান্ডার ও কোম্পানি কমান্ডার নাঈম উল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে শুক্রবার রাত ৮টার দিকে বন্দর উপজেলার কেওঢালা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রক্সি সোনারগাঁয়ের মোগড়াপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের নজরুল ইসলাম নজুর ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, রক্সি দীর্ঘদিন যাবত সোনারগাঁ ও পার্শ্ববর্তী এলাকায় তার সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিলেন। সোনারগাঁ উপজেলাব্যাপী অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে তার ব্যাপক পরিচিতি রয়েছে। এ সন্ত্রাসী তার সংঘবদ্ধ গ্রুপ দ্বারা সাধারণ মানুষের জমি দখল, স্থানীয় ব্যবসায়ী ও শিল্পকারখানা থেকে চাঁদাবাজি, মানুষকে অপহরণ করে মুক্তিপণ, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে সর্বস্ব লুট করে নেন। এছাড়া তিনি টেকনাফ সীমান্ত হতে ইয়াবা ও ফেনসিডিল এনে তা নারায়ণগঞ্জ ও ঢাকা এলাকায় সরবরাহ করতেন। এই আসামির বিরুদ্ধে বিভিন্ন অপরাধে সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জ ও গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় মোট ২৮টি মামলা রয়েছে। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক জানান, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তাকে আইনের আওতায় এনে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, ‘সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে র‌্যাব-১১ এর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মহিববুল্লাহ বলেন, ‘গ্রেফতারকৃত সন্ত্রাসী রক্সিকে থানায় হস্তান্তর করার পর তাকে আদালতে পাঠানো হয়েছে।’

আপনার মতামত জানান