নির্বাচন থেকে সরলেন নারায়ণগঞ্জ-৩ আসনের জামায়াত প্রার্থী
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ইকবাল হোসেন ভূঁইয়া ১১ দলীয় জোটের প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। রোববার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে ড. ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, ‘বোন অসুস্থ হওয়ার কারণে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সময়মতো উপস্থিত হতে পারিনি। নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় মনোনয়ন প্রত্যাহারের আবেদন গ্রহণ করেনি নির্বাচন কমিশন। তাই আজ আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। সেই সঙ্গে জোটের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।’
জামায়াতের প্রার্থী আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার না করায় এর আগে জোটের মধ্যে টানাপোড়েন তৈরি হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ, জেলা জামায়াতের আমির মমিনুল হক সরকার, সেক্রেটারি হাফিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মোল্লা, সহকারী সেক্রেটারি জামাল হোসাইন প্রমুখ।


আপনার মতামত জানান