সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্বে মিথ্যা মামলা’: প্রত্যাহারের দাবীতে আলটিমেটাম

প্রকাশিত

বিশেষ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন সোনারগাঁয়ে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকেরা। শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় ‘সোনারগাঁয়ের সকল সাংবাদিকবৃন্দ’ – এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অনিয়ম, ভূমি দখল ও নদী দখলের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে ওই সাংবাদিকের নামে ‘ট্রাক ভাঙচুর ও সিমেন্ট লুট’–এর বানোয়াট মামলা দেওয়া হয়েছে। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন কোনো যাচাই-বাছাই ছাড়াই কোম্পানির নিকট অনৈতিক সুবিধা নিয়ে এই হয়রানিমূলক মামলা গ্রহণ করেছেন বলে বক্তারা দাবি করেন।

প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশ নেয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর সোনারগাঁ উপজেলা শাখা, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ, পরিবেশবাদী সংগঠন বাপা, জৈনপুর সমাজকল্যাণ ক্রীড়া সংঘ, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম ও সোনারগাঁ শতদল নাট্য সংঘ।

সাংবাদিক ইমরান হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সোনারগাঁ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুবক্কর সিদ্দিক, সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রধান, সাংবাদিক হাসান মাহমুদ রিপন, রবিউল হুসাইন, শাহাদাত হোসেন রতন, ফরিদ হোসেন, ফারুক হোসেন এবং সোনারগাঁও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পনির হোসেন। এ ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধন ও প্রতিবাদ সভায় সাংবাদিক সুমনের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন, নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধ এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আপনার মতামত জানান