বৃহৎ জনগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য-ইউএনও
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় পরিচালিত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিষয়টি নিয়ে বক্তব্য দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।
তিনি জানান, ঈদের আগ মুহূর্তে উচ্ছেদ অভিযান পরিচালনা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। তবে এই সিদ্ধান্তের পেছনে বেশ কিছু বাস্তব কারণ রয়েছে। ঈদকে কেন্দ্র করে অল্প সময়ে বিপুল সংখ্যক মানুষের বাড়ি ফেরা, মহাসড়কে তীব্র যানজট এবং সেই সুযোগে ছিনতাই ও ডাকাতির ঝুঁকি বেড়ে যাওয়ার বিষয়গুলো বিবেচনায় রেখেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ইউএনও বলেন, বৃহৎ জনগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য। অতীতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। এবার সেটি টেকসই করার জন্য প্রশাসন দৃশ্যমান পদক্ষেপ নিচ্ছে।
তিনি আরও জানান, মহাসড়কের যানজট নিরসনে সরকার ইতোমধ্যে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে। এ সময় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান নিজে উপস্থিত থেকে সকলের সহযোগিতা কামনা করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে কাজ করছে।
উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের বিষয়েও প্রশাসন কাজ করছে বলে জানান তিনি। একই সঙ্গে উপজেলার পরিবেশকে আরও সুন্দর, সুশৃঙ্খল ও পরিকল্পিতভাবে গড়ে তুলতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন ইউএনও।
এদিকে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় পরিবেশ স্বাভাবিক ও সুশৃঙ্খল না হওয়া পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পথচারী ও সুশিল সমাজের লোকজন। তারা উপজেলা প্রশাসনের এই উদ্যোগটি চলমান থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।


আপনার মতামত জানান