সোনারগাঁয়ে জনদুর্ভোগ লাগবে রাস্তায় নামলেন এমপি

প্রকাশিত

 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার চিরচেনা যানজট নিরসনে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা দুই দিনের মধ্যে সরিয়ে নিতে আল্টিমেটাম দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সরেজমিন পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দেন তিনি। সোনারগাঁয়ের মানুষের ভোগান্তি দূর করতে নবনির্বাচিত এমপির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

গণমাধ্যম কর্মীদের এমপি মান্নান জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো মোগরাপাড়া চৌরাস্তায় ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট বসানোর কারনে বাধ্য হয়ে এবং দুর্ঘটনার ঝুঁকি নিয়ে সড়কে নেমে চলাচল করছে পথচারীরা। এ বিশৃঙ্খলা আর সহ্য করা হবে না। দুই দিনের মধ্যে স্বেচ্ছায় দখল সরিয়ে না প্রশাসন আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবে।

তিনি বলেন, এ সিদ্ধান্ত বাস্তবায়ন হাজার হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে। জনস্বার্থে নেওয়া এ সিদ্ধান্ত বাস্তবায়নে সওজ ও উপজেলা প্রশাসন সমন্বিতভাবে কাজ করতে অবগত করা হয়েছে। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত নজরদারি থাকবে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত জানান, নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ দখল না সরালে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মোগরাপাড়া চৌরাস্তায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এই তৎপরতা সফল হলে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরবে। তবে এ অভিযান গতানুগতিক ধারাবাহিক অভিযান কিনা তা কয়েকদিন পরেই জানা যাবে। এর পূর্বে বার বার অভিযান হলেও শুধু দখলদার বদল হয়েছে, ভোগান্তি কমেনি।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আপনার মতামত জানান