সোনারগাঁয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
সোনারগাঁয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শ্বশুড় বাড়ি থেকে দাবীকৃত দুইলাখ টাকা না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রোববার (২২ মার্চ) সকালে উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের সাত ভাইয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রোববার বিকেলে নিহত ফারহানার বাবা কালাচান তার মেয়ে ফারহানার স্বামী সাগরকে প্রধান আসামি করে এবং তিনজনের নাম উল্লেখ করে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। তবে ঘটনার পর থেকেই নিহতের স্বামী পলাতক রয়েছে।
থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, কুমিল্লার মেঘনা থানার নলছটি গ্রামের কালাচাঁনের মেয়ে অনিকা খাতুন ফারহানার সাথে নয় বছর আগে সোনারগাঁয়ের বৈদ্যের বাজার ইউনিয়নের সাত ভাইয়াপাড়া গ্রামের রাজা মিয়ার ছেলে সাগরের বিয়ে হয়। তাদের এক ছেলে ও এক মেয়েসন্তান রয়েছে।
বিয়ের পর থেকে সাগর বিদেশ যাওয়ার জন্য চার লাখ টাকার দাবি করে। এ নিয়ে সাগর প্রায়ই তার স্ত্রী ফারহানাকে মারধর করত। পরে দাবিকৃত চার লাখ টাকা দিলে সেই টাকায় বিদেশ গিয়ে কয়েক মাস বিদেশে কাজ করে সাগর দেশে ফিরে আসে। দেশে ফিরেই তিনি আবারো শ্বশুরবাড়ি থেকে আরো দুই লাখ টাকা এনে দিতে স্ত্রী ফারহানাকে চাপ দেন। এ নিয়ে গত কয়েকদিন ধরে স্বামী-স্ত্রীর ঝগড়া হচ্ছে। ঈদের দিন রাতে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে আবারো ঝগড়া হয়।
রোববার সকালে নিহতের ননদ তানজিনা নিহতের মা-বাবাকে ফোন করে জানান, ফারহানা অসুস্থ। পরে ফারহানার বাবা-মা সাত ভাইয়াপাড়ায় মেয়ের শ্বশুড় বাড়িতে এসে ফারহানাকে ঘরের মেঝেতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান।
এ ঘটনায় সোনারগাঁ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ সময় লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানার ওসি মহিববুল্লাহ বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই জানা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা। তবে পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে।’


আপনার মতামত জানান